
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ সদস্য, দুর্ঘটনা কবলিত হয়ে তার দুই পা হারিয়েছেন। জানা যায়,এই পুলিশ কনস্টেবলের নাম এমরান মিয়া (২৫), বাগেরহাটে কর্মরত ছিলেন,তার বাসা খুলনাতে । তার শ্বশুরবাড়ি নওগাঁ আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তাড়াটিয়া নামক গ্রামে। তিনি খুলনা থেকে ছেড়ে আসা চিলহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন। তবে ট্রেনটির আহসানগঞ্জ স্টেশনে কোনো নির্ধারিত স্টপেজ নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ধীরগতিতে চলছিল। এ সময় ওই পুলিশ সদস্য স্টেশনে নামার উদ্দেশ্যে চলন্ত ট্রেন থেকে নামতে গেলে দুর্ভাগ্যবশত তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন এবং তার দুই পা ট্রেনটির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা লক্ষ্য করে দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল চলন্ত ট্রেন থেকে নামার মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।